ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মৃত নদীর সংখ্যা একটি ও মৃতপ্রায় নদীর সংখ্যা ৯৭টি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ সেন।
রোববার জাতীয় সংসদে রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
বর্তমানে নাব্য রয়েছে এ রকম দেশে দুশ ১২টি নদী রয়েছে বলে জানান মন্ত্রী।
সংরক্ষিত নারী আসনের সাংসদ আশরাফুন্নেছা মোশারফের প্রশ্নের জবাবে সংসদ কার্যে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর শূন্যপদের সংখ্যা ছয় হাজার চারশ ৪০টি। এর মধ্যে এক হাজার সাতশ ৩৬টি প্রথম শ্রেণীর ক্যাডার ও দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডার পদ।
সংস্থাপন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণীর পদের সংখ্যা চার হাজার সাতশ চারটি।
শূন্যপদগুলোয় নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।
নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, গত ২ বছরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে মোট আট হাজার পাঁচশ ৭২ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছে।
বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৪২ ঘ.
bdnews24