ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপন সামরিক আদালতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য হয়েছে।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ রোববার এ দিন ধার্য করেন।
একই দিন আদালতে ওই গোপন বিচারের বিষয়ে মতামত দেন অ্যামিকাস কিউরি এম আই ফারুকী এবং ড. এম জহির। এছাড়া রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদও বক্তব্য দেন।
রায়ের জন্য দিন ধার্য করার কিছুক্ষণ পূর্বে বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেনের বেঞ্চের সঙ্গে এই বেঞ্চের এখতিয়ার পরিবর্তন করে দেওয়া হয়। ফলে ভবিষ্যতে বেঞ্চটি এই ধরণের মামলার শুনানি করতে পারবেন না।
তবে ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, এখতিয়ার থাকাকালীন সময়ে তারিখ নির্ধারণের কারণে যথাসময়ে রায় দিতে পারবেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, রায়ের আগে আদালত-বন্ধুদের মধ্যে আগ্রহীরা বক্তব্য দেবেন। সরকার পক্ষ থেকে আমি, রিটকারীর আইনজীবী এবং সংশ্লিষ্ট অন্য কেউ চাইলেও বক্তব্য দিতে পারে।
এই রিট আবেদনের বিষয়ে মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, ড. এম জহির, ইফসুফ হোসেন হুমায়ুন, আক্তার ইমাম, এএফএম মেজবাউদ্দিন, আব্দুল মতিন খসরু, জেড আই খান পান্না ও এম আই ফারুকীকে অ্যামিকাস কিউরি (আদালত-বন্ধু) নিয়োগ দেওয়া হয়েছিলো।
এর আগে হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ'র তৎকালীন দক্ষিন এশিয়া প্রতিনিধি সাংবাদিক লরেন্স লিফসুজ, ঢাকার তৎকালীন জেলা প্রশাসক এসএম শওকত আলী, বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. মহিবুল হক আদালতে বক্তব্য দেন।
এছাড়া যুক্তরাষ্ট্র থেকে লিখিত বক্তব্য পাঠান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশু। তাহেরের সঙ্গে সহ-অভিযুক্ত কয়েকজনও আদালতে বক্তব্য দেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে রিট আবেদন করেন।
তাদের আবেদনের পর হাইকোর্ট সেই গোপন বিচারের নথি তলব করে। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
পরে এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত আরো ছয়জন তাদের দণ্ড ও বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তিনটি রিট করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১৫৫ ঘ.
bdnews24