ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) এম আই ফারুকী বলেছেন, গোপন বিচারের মাধ্যমে সচেতনভাবে ঠাণ্ডা মাথায় কর্নেল তাহেরকে খুন করা হয়েছে।
গোপন সামরিক আদালতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে রোববার তিনি এ মন্তব্য করেন।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে রিটের শুনানি চলছে।
ফারুকী বলেন, দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে প্রজাতন্ত্রের সংবিধানের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় তাহের সংগ্রাম করেছিলেন। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে তার কণ্ঠস্বর রুদ্ধ করতে ভুয়া বিচার করা হয়েছে।
"তখনকার ক্ষমতাসীনরা সচেতনভাবে সংবিধানের ভবিষ্যত সংশোধনীর আশায় এটা করেছিলো।"
আদালত-বন্ধু এম আই ফারুকী শুনানিতে আরো বলেন, ছলনার বিচারের নামে এটা ছিলো ঠাণ্ডা মাথার খুন যা কেন্দ্রীয় কারাগারে কঠোর গোপনীয়তায় অনুুষ্ঠিত হয়। আসামি পক্ষের আইনজীবীদের গোপনীয়তার শপথের নামে বাধা দেওয়া হয়।
এই রিট আবেদনের বিষয়ে মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, ড. এম জহির, ইফসুফ হোসেন হুমায়ুন, আক্তার ইমাম, এএফএম মেজবাউদ্দিন, আব্দুল মতিন খসরু, জেড আই খান পান্না ও এম আই ফারুকীকে অ্যামিকাস কিউরি (আদালত-বন্ধু) নিয়োগ দিয়েছে আদালত।
৯ আইনজীবী গত বুধবার থেকে আদালতে বক্তব্য দিচ্ছেন। ওই দিন ড. কামাল ও ব্যারিস্টার আমীর মতামত দেন।
এর আগে হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ'র তৎকালীন দক্ষিন এশিয়া প্রতিনিধি সাংবাদিক লরেন্স লিফসুজ, ঢাকার তৎকালীন জেলা প্রশাসক এসএম শওকত আলী, বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. মহিবুল হক আদালতে বক্তব্য দেন।
এছাড়া যুক্তরাষ্ট্র থেকে লিখিত বক্তব্য পাঠান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশু। তাহেরের সঙ্গে সহ-অভিযুক্ত কয়েকজনও আদালতে বক্তব্য দেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে রিট আবেদন করেন।
তাদের আবেদনের পর হাইকোর্ট সেই গোপন বিচারের নথি তলব করে। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
পরে এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত আরো ছয়জন তাদের দণ্ড ও বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তিনটি রিট করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৬৫৬ ঘ.
bdnews24