পটুয়াখালী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে আবারও ইউপি নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে এক চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ১৪ জন।
শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বসাক বাজার এলাকায় চেয়ারম্যান প্রার্থী তানভির আহমেদ এবং ওয়াজেদ গাজীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানায়।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই চার জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- শহীদুল ইসলাম (৩৫), মো. লিটন (৩৮), বারেক মৃধা (৫৫) ও ওয়াহাব প্যাদা (৩৫)।
আহতদের মধ্যে ১১ জনকে পটুয়াখালী সদর হাসপাতালে এবং তিন জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি- চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ গাজী (৫০), সালেহ আহমেদ (৩৬), নুর আলম (৩৭), নুর মোহাম্মদ (৫০), নাসির খান (৩০), বশির হাওলাদার (২৮), মোশারেফ খান (২৮) ও ওয়াহাব গাজী (৪০)।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি- শরীফ খান (৩৬), জামাল প্যাদা (৩০) ও মো. নজরুল ইসলাম।
ওয়াজেদ গাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তানভীর আহমেদ দলের সদর উপজেলা কমিটির সদস্য।
চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ সাংবাদিকদের বলেন, রাত ১১টার দিকে তিনি গণসংযোগের পর সমর্থকদের নিয়ে বসাক বাজার এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে এসে বসেন। তখন তানভিরের ৫০/৬০ জন সমর্থক তাদের ওপর সশস্ত্র হামলা চালায়।
ওয়াজেদ গাজীর সমর্থক সালেহ আহমেদ বলেন, হামলাকারীরা তাদের তিনটি মটর সাইকেল নিয়ে গেছে এবং সাতটি ভাংচুর করেছে।
অন্য প্রার্থী তানভীর জানান, ওয়াজেদ গাজীর সমর্থকরা সন্ধ্যায় তার সমর্থকদের মারধর করে এবং তার নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। এতে তার ৮/১০ জন সমর্থক আহত হন।
এ ঘটনায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান তিনি।
পটুয়াখালী সদর থানার ওসি নরেশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। বসাক বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
হামলার খবর শুনে রাতেই পটুয়াখালী পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) মো. আজাদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেট (এএসপি) আবু বকর সিদ্দিক, ওসি নরেশ কর্মকার, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় পুলিশের পাশাপাশি র্যাবের একটি ইউনিটও সেখানে অবস্থান নেয়।
এ মাসের শুরুতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পটুয়াখালীতে সংঘর্ষে এক সদস্য প্রার্থী নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৫০ ঘ.
bdnews24