ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে।
রোববার এ সংক্রান্ত নথিতে সইয়ের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে হিসাব নেওয়া হলেও তা প্রকাশ করা হবে না। অর্থমন্ত্রী অবশ্য বলেছেন, কেউ এ বিষয়ে তথ্য চাইলে মন্ত্রিপরিষদ বিভাগে যোগাযোগ করে তা নিতে পারবে।
অর্থমন্ত্রী দুপুরে গুলশানে ওয়েস্টিন হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শকদের একটি বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন।
সম্পদের হিসাব চেয়ে এ চিঠি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তি ছিলো, মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব দেওয়া হবে। তবে সরকারের দুই বছরেরও তা করা হয়নি।
অর্থমন্ত্রী বৃহ্পতিবার জানিয়েছিলেন, সম্পদের হিসাব চেয়ে রোববার মন্ত্রীদের কাছে চিঠি যাবে।
আয়কর বিবরণীর ভিত্তিতে সম্পদের এ হিসাব জমা দিতে হবে বলে মন্ত্রী জানান।
মুহিত জানান, সংসদ সদস্যদের কাছ থেকে সম্পদের বিবরণ আদায়ের জন্য তিনি স্পিকারের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন।
এছাড়া বিচারকদের সম্পদের বিবরণীর বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪৩০ ঘ.
bdnews24