২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনের 'উপহার'

সরকার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির মতামতও গুরুত্ব দেবে- এইচ এম এরশাদকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এ আশ্বাস দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 07:14 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির মতামতও গুরুত্ব দেবে- এইচ এম এরশাদকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এ আশ্বাস দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মহাজোটে থাকার আগ্রহের কথা জানিয়ে এলেও কিছু দিন ধরেই সিদ্ধান্ত গ্রহণে অংশীদারিত্ব নিয়ে অসন্তোষের কথা জানিয়ে আসছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান। রোববার বারিধারায় নিজের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানেও একই ক্ষোভ প্রকাশ করেন এরশাদ। তিনি বলেন, "সরকার যেন মহাজোটের শরিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়।" তখন হানিফ বলেন, "গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে জাতীয় পার্টির পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।" শরিক দলগুলোর ক্ষোভ নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান তিনি। এরশাদ বলেন, মহাজোট ব্যর্থ হলে দেশে বিপর্যয় নেমে আসবে। তাই মহাজোটকে আরো শক্তিশালী করতে হবে। এ জন্য জোটের বড় দল আওয়ামী লীগকে আরো আন্তরিক হতে হবে। চাওয়া-পাওয়া নিয়ে দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে কাজ করার আহ্বান জানান জাপা চেয়ারম্যান। ৮০ বছর পূর্তিতে পল্লীবন্ধু ফাউন্ডেশন আয়োজিত প্রেসিডেন্ট পার্কের অনুষ্ঠানে কেট কাটেন এরশাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, দেলোয়ার হোসেন খান ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পল্লীবন্ধু ফাউন্ডেশনের মহাসচিব সুনীল শুভরায় প্রমুখ। এরশাদের জন্মদিনে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়, তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৩১৩ ঘ.