২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের মরদেহ মানিকগঞ্জে

মানিকগঞ্জে নিজের এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

মানিকগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে নিজের এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে। বেলা পৌনে ১২টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এ জানাজায় অংশ নেন। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান, যুগ্মসচিব আমানুল্লাহ আমান, সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মানিকগঞ্জের স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক স্বপনও এ সময় উপস্থিত ছিলেন। দ্বিতীয় জানাজার জন্য দেলোয়ারের মরদেহ ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হয়েছে। এরপর দেলায়ারের নিজ গ্রাম পাচুরিয়ায় তৃতীয় এবং শেষ নামাজে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে। বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার। বৃহস্পতিবার তার মরদেহ দেশে পৌঁছানোর পর সংসদ ভবন, হাইকোর্টসহ পাঁচটি স্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকায় সর্বশেষ জানাজা হয় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। শুক্রবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দেলোয়ারের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/জেকে/১৪২৫ ঘ.