ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাফন সম্পন্ন করতে খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ মানিকগঞ্জে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে মরহুমের কফিনবাহী অ্যাম্বুলেন্স মানিকগঞ্জের খিরাই পাচুরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
খোন্দকার দেলোয়ারের ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানিকগঞ্জে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১১টায় দেবেন্দ্র কলেজ মাঠে। দ্বিতীয়টি খিওর কলেজ মাঠে এবং শেষ জানাজা হবে মরহুমের গ্রামের বাড়ি খিরাই পাচুরিয়ায়।
এরপর পারিবারিক গোরস্তান তাকে দাফন করা হবে।
দেলোয়ারের আত্মীয়-স্বজন ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন মরদেহের সঙ্গে মানিকগঞ্জ যাচ্ছেন।
বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার।
বৃহস্পতিবার তার মরদেহ দেশে পৌঁছানোর পর সংসদ ভবন, হাইকোর্টসহ পাঁচটি স্থানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সর্বশেষ জানাজাটি অনুষ্ঠিত হয় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।
শুক্রবার সকালে খোন্দকার দেলোয়ারের কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জেকে/২৩৩৪ ঘ.
bdnews24