ময়মনসিংহ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ বলেন, জীবন-জীবিকার জন্য ভাল ছাত্র-ছাত্রী হওয়া দরকার। তার চেয়েও বেশি দরকার ভাল মানুষ হওয়া। সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার রামকিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালন উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার বা সমাজের দায়িত্ব হচ্ছে শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা। কিন্তু এটা অর্জন করতে হয় নিজেদেরই।
সরকার সবকিছু করে দেবে এ মানসিকতা বদলাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার বলেন, "১৯৭১ সালে আমরা দেশকে স্বাধীন করতে পারলেও দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি। আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে।"
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংসদ মতিউর রহমান, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাংসদ কে এম খালিদ বাবু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24