২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দিনব্যাপী 'রাজশাহী সংস্কৃতি উৎসব' শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে দশ দিনব্যাপী 'রাজশাহী সংস্কৃতি উৎসব-২০১১'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

রাজশাহী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে দশ দিনব্যাপী 'রাজশাহী সংস্কৃতি উৎসব-২০১১'। এবারের উৎসবের শ্লোগান 'মুক্তির জন্য সংস্কৃতি: জেগে ওঠো রাজশাহী'। সকাল সাড়ে ১১টায় নগর ভবনের গ্রিন প্লাজায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ উৎসবের উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিটন বলেন, "বাংলার খেটে খাওয়া মানুষের কথা বলায় দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে সপরিবারে হত্যা করে। যারা বঙ্গবন্ধুকে অসম্মান করে, তারা অল্প সময়ের মধ্যে ইতিহাসের আস্তাকুঁড়ে ছিটকে পড়বে।" মেয়র বলেন, "রাজশাহীতে এতোবড় সাংস্কৃতিক উৎসব এটাই প্রথম। এ আয়োজনের উদ্দেশ্য হলো বর্তমান প্রজন্মের কাছে আমাদের ইতিহাস ও সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়া।" উৎসব উদযাপন কমিটির সভাপতি রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলোয়ার বখত, চিত্রশিল্পী ও ছড়াকার এমএ কাইয়ুম ও রাজশাহী লেখক পরিষদের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। শোক প্রস্তাব পাঠ করেন উদযাপন কমিটির সমন্বয়ক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা। এর আগে জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে শিশু কিশোর সমাবেশের আয়োজন করা হয়। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের গ্রিন প্লাজায় শেষ হয়। উৎসব উপলক্ষে আগামী ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে সেমিনার, কবিমেলা, বইমেলা, প্রকাশনা উৎসব, লোকসঙ্গীত মেলা, যাত্রা নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৪৫ ঘ.