ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে এবং এ জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি চত্বরে শিশু সমাবেশে ভাষণে শেখ হাসিনা একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সমাবেশের আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, "আমরা একটা ট্রাস্ট গঠন করতে যাচ্ছি, যেনো প্রতিটি শিশু ডিগ্রি পর্যন্ত বিনা খরচে পড়তে পারে।"
তিনি আরো বলেন, "বিকৃত ইতিহাস শিখে আমাদের শিশুরা যেনো বিকৃত চরিত্রের অধিকারী না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।"
শিশুরা যেনো মিথ্যা না শেখে এবং মিথ্যা না বলে সেদিকে নজর দেওয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।
এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দারিদ্র বিমোচন ও নারী উন্নয়ন কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন শেখ হাসিনা।
এছাড়া বঙ্গবন্ধুর ৯১তম জন্মদিনে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার আগেই হেলিকপ্টার যোগে টুঙ্গীপাড়া পৌঁছান। সকাল সোয়া ১০টার দিকে সেখানে পৌঁছান রাষ্ট্রপতি জিল্লুর রহমান। শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
প্রথমে রাষ্ট্রপতি এবং তার পরপরই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিন বাহিনীর একটি চৌকষ দল গার্ড অফ অনার প্রদান করে।
মন্ত্রিসভার সদস্য, সাংসদ, তিন বাহিনীর প্রধান, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা এসময় উপিস্থিত ছিলেন। এরপর সবাই মোনাজাতে শরিক হন।
মোনাজাত শেষে রাষ্ট্রপতি দর্শনার্থীদের মন্তব্য বইয়ে স্বাক্ষর করেন।
এরপর রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি ঘুরে দেখেন।
এসময় শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তার পিতার সমাধিতে ফুল দেন।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সসহ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচি শুরু হয়।
বঙ্গবন্ধুর মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।
এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেয়।
এ বছর বঙ্গবন্ধুর জন্মদিনের প্রতিপাদ্য বিষয়- বঙ্গবন্ধুর স্বপ্নদেশ, দিন বদলের বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৬৪১ ঘ.
bdnews24