২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১০০ মণ জাটকা আটক

চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী লঞ্চ থেকে একশ' মণ জাটকা আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

চাঁদপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী লঞ্চ থেকে একশ' মণ জাটকা আটক করা হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরে 'এমভি বন্ধন' নামের লঞ্চ থেকে এসব জাটকা আটক করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড। ইলিশ রক্ষায় 'জাটকা নিধন প্রতিরোধে' চাঁদপুরের মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু'মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ কর্মসূচীর আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটারের মধ্যে সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে। স্টেশন কমান্ডার লেফটেন্টেট এমএমবি ফাহিম সাংবাদিকদের জানান, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চে অভিযান চালিয়ে ৩৬টি ড্রাম ও ৩টি ঝুড়িতে থাকা ১০০ মণ জাটকা উদ্ধার করা হয়। আটককৃত জাটকার মূল্য প্রায় ৮ লাখ টাকা। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। আটককৃত জাটকা বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় বলে জানান ফাহিম। এদিকে চাঁদপুরের মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় ৩ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আলুরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আলুরবাজার নৌ-পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬০০ ঘ.