শেরপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম (৭৮) মারা গেছেন।
বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন।
সালামের বাড়ি নালিতাবাড়ী উপজেলার নয়াবিল গ্রামে। বার্ধক্যজনিত কারণে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সালাম স্ত্রী ও ৪ ছেলে রেখে গেছেন।
সালাম জিয়াউর রহমানের শাসনামলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং স্বরাষ্ট্র উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এইচ এম এরশাদের শাসনামলে জাতীয় পার্টিতে যোগ দেন সালাম এবং মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪১০ ঘ.
bdnews24