২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে চিকিৎসক পাঠাবে বাংলাদেশ

ভূমিকম্প বিধ্বস্ত জাপানে চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 07:27 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্প বিধ্বস্ত জাপানে চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। জাপান সরকারের অনুরোধে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর আগেই দুর্যোগ কবলিত জাপানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক খন্দকার মো. সেফায়েতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জাপানে পাঠানোর জন্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের একটি তালিকা তৈরি করছি।" তবে ঠিক কতোজনের দল জাপান যাচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। মহাপরিজালক বলেন, প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দিতে তারা প্রস্তুত আছেন। তালিকা তৈরির কাজ আগামী সোমবারের মধ্যে শেষ করা হবে জানিয়ে সেফায়েতউল্লাহ বলেন, চিকিৎক দলের সঙ্গে কিছু ওষুধ ও খাবার জাপানের দুর্গত মানুষদের জন্য পাঠানো হবে। গত শুক্রবার ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর ১০ মিটার উঁচু সুনামিতে ভেসে যায় জাপানের উত্তর-পূর্ব উপকূল। সেখানে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের পর শনি, রবি ও সোমবার জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চারটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। ফলে ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় নিঃসরণ শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশ এই দুর্যোগে জাপানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএইচ/এনআইআর/জেকে/০১১৯ ঘ.