২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় ৯ ঢাবি শিক্ষার্থী আহত

পুরান ঢাকার 'সন্ত্রাসী'দের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 07:14 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার 'সন্ত্রাসী'দের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে বকশীবাজার এলাকায় এ হামলা চালানো হয়। আহত হয়েছেন- বাংলা চতুর্থ বর্ষের আবু বকর, সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শুভ, চতুর্থ বর্ষের ওবায়দুর, দ্বিতীয় বর্ষের শরীফ, তৃতীয় বর্ষের ইমরান ও সালমান, আইন দ্বিতীয় বর্ষের তন্ময়, উর্দু দ্বিতীয় বর্ষের রাকিব এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ তৃতীয় বর্ষের সূর্য। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আবু বকরের আঘাত গুরুতর। তাকে চাপাতি দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের রমনা জোনের এডিসি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে ফুলার রোডে পুরান ঢাকার জাভেদ নামের এক ছেলে বন্ধবীকে নিয়ে আপত্তিকর অবস্থায় বসেছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা মাইকিং করে তাদের উঠে যেতে বললেও তারা ওঠেনি। পরে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের কয়েকজন ছাত্র জাভেদের পরিচয় জানতে চাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা জাভেদকে মারধর করে। পরে জাভেদ পুরান ঢাকায় গিয়ে দু'টি প্রাইভেট কার ও রিকশায় ২০-২৫ জনসহ ফিরে এসে ফুলার রোডে ওই ছাত্রদের মারধর করে। খবর পেয়ে এসএম হলের ২০-২৫ জন ছাত্র বকশীবাজার গেলে জাভেদসহ তার সঙ্গের সশস্ত্র লোকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা চালায়। আহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভ দাবি করেন, পুরান ঢাকার হামলাকারীদের সবার হাতে নানা ধরনের অস্ত্রশস্ত্র ছিল। কিন্তু শিক্ষার্থীদের ছিল খালি হাত। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। তিনি বলেন, "যখন পুরান ঢাকার ছেলেটি তাদের (ছাত্রদের) কথা শোনেনি, তখন তারা বিষয়টি আমাকে বললে এতবড় ঘটনা ঘটত না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৮ ঘ.