রংপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ ও শিবিরকর্মীদের সংঘর্ষের জেরে গ্রেপ্তার ২২ শিবির নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার তাদের রংপুরের বিচার বিভাগীয় হাকিম নিত্যানন্দ বর্মনের আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার সকালে শিবিরকর্মীরা ক্যম্পাসে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের মিছিল করার সময় ছাত্রলীগকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।
এর জেরে দুপুরে শিবিরকর্মীরা ছাত্রলীগকর্মীদের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষর্দীরা জানায়।
ওই সময় ঘটনাস্থল থেকে মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ ২১ শিবির কর্মীকে আটক করে পুলিশ। রাতে কলেজের পাশের মেসে অভিযান চলাকালে আরেকজনকে আটক করা হয়।
কোতয়ালি থানার ওসি (তদন্ত) মাহফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সারারাত কারমাইকেল কলেজের আশপাশের কলেজ রোড, আশরতপুর, দর্শনাসহ বিভিন্ন এলাকায় শিবির নিয়ন্ত্রিত বেসরকারি ছাত্রবাসে অভিযান চালায়।
ওই সময় শিবিরকর্মী সাফিউলকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
এছাড়া লাঠি ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়।
এ ঘটনায় ছাত্রলীগ কলেজ শাখার যুগ্ন আহবায়ক জাকারিয়া আলম শিবলু বাদী হয়ে ৩৮ জন শিবিরকর্মরি নাম উল্লেখ করে কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।
এদের মধ্যে গ্রেপ্তারকৃত ২২ জনের নাম রয়েছে বলে পুলি জানিয়েছে।
গ্রেপ্তার ২২ শিবির নেতাকর্মী হলেন- রংপুর মহানগর সাংগঠনিক সম্পাদক আল আমিন, শিবির নেতা হাবিব, মোস্তফা, তুহিন, কর্মী আব্দুস সালাম, রুহুল আমিন, আতাউল গনি, নজরুল, গোলাম রব্বানী, মালেক, রফিক, মহিদুল, মাহমুদুল হক, আশরাফুল, সোহেল, কৈয়বুর, ছিদ্দিকুর রহমান, আনোয়ারুল ইসলাম, সাহাব উদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রাকিব ও শাফিউল ইসলাম।
কোতয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা বলেন, গ্রেপ্তারকৃত শিবির 'সন্ত্রাসীরা' কারমাইকেল কলেজে প্রকাশ্যে লাঠিসোটা ও অন্যান্য দেশি অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়েছিলো।
লাঠি, হকিস্টিক ও লোহার রডসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ কলেজের চারটি ছাত্রহল বন্ধ ঘোষণা করায় মঙ্গলবার রাতে ছাত্ররা হল ত্যাগ করেছে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. দীপকেন্দ্রনাথ দাস জানিয়েছেন, মঙ্গলবার গঠন করা তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তাদের সাতদিন সময় দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.
bdnews24