২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিতে প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: আশরাফ

ঢাকা সিটি করপোরেশনে মেয়রের পরিবর্তে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনে মেয়রের পরিবর্তে প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার সংসদে মহিলা আসনের সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ মুহূর্তে ঢাকা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ হচ্ছে না। এখানে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরু হয়। ২০০৭ সালের মে মাসে ডিসিসি নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে। আসমা জেরিন ঝুমুর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ঢাকা শহরের পানির চাহিদা পূরণের লক্ষে এ পর্যন্ত ৬৪টি গভীর নলকূপ স্থাপন এবং ৭৫টি নলকূপ প্রতিস্থাপন করেছে। এর ফলে পানির উৎপাদন ২৫ থেকে ৩০ কোটি লিটার বেড়েছে। বর্তমানে ঢাকা ওয়াসা ৫৭৫টি গভীর নলকূপ এবং ৪টি পানি শোধনাগারের মাধ্যমে দৈনিক ২০৬ থেকে ২১০ কোটি লিটার পানি উৎপাদন করছে। এ ছাড়া বর্তমান সরকারের আমলে ১৫০ কিলোমিটার নতুন সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, নগরীর জলাবদ্ধতা দূরীকরণে বিশ্বব্যাংকের সহায়তায় ১ হাজার ১৬০ কোটি টাকা ব্যয়ে বিদ্যমান খালগুলো সংস্কার, পাড় বাঁধানো, ওয়াকওয়ে ও স্থায়ী পাম্পিং স্টেশন নির্মাণ এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় ৬০ হাজার ৮৮৬টি কৃষি সমবায় সমিতি রয়েছে। কৃষি সমবায়ীদের জন্য ইতোমধ্যে ৩২০ কোটি ৫০ লাখ টাকার ঘূর্ণায়মান ঋণ হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২১৪৬ ঘ.