২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ

জাপানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় তেজস্ক্রিয়া থেকে রক্ষা পেতে সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে টোকিও দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় তেজস্ক্রিয়া থেকে রক্ষা পেতে সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে টোকিও দূতাবাস। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজস্ক্রিয়া থেকে রক্ষা পেতে স্থানীয় নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে। গত শুক্রবার রিখটার স্কেলে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ১০ মিটার উঁচু সুনামিতে ভেসে যায় জাপানের উত্তর-পূর্ব উপকূল। এরপর চার দিনে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, মঙ্গলবারের প্রথম বিস্ফোরণের পর থেকে যে তেজস্ক্রিয় নিঃসরণ হচ্ছে, তার মাত্রা ঘণ্টায় ৪০০ মিলিসিভার্টসের চেয়ে বেশি। পররাষ্ট্র্ মন্ত্রণালয় মঙ্গলবার টোকিও থেকে বাংলাদেশ দূতাবাস নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও বুধবার পর্যন্ত আগের ভবনেই দূতাবাসের কার্যক্রম পরিচালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/জেকে/২১২৪ ঘ.