ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাত জন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে ২০১১ সালের স্বাধীনতা পুরস্কার প্রদানের জন্য মনোনীত করেছে সরকার।
বুধবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের মনোনীত ব্যক্তিরা হলেন- গাউস খান (মরণোত্তর), সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের (মরণোত্তর), ড. নীলিমা ইব্রাহিম (মরণোত্তর), অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার বীরউত্তম, শহীদ নূতন চন্দ্র সিংহ (মরণোত্তর) ও এ কে এম শামসুজ্জোহা (মরণোত্তর)।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ পুলিশও পাচ্ছে স্বাধীনতা পুরস্কার।
এছাড়া শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মুহাম্মদ আবুল হাশেম খানকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24