ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হরকাতুল জিহাদ নেতা আবদুর রউফকে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ বুধবার রউফকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজত চইলে ঢাকার মহানগর হাকিম এজিএম আল মাসুদ তা মঞ্জুর করেন।
শুনানির সময় রউফকে আদালতে হাজির করা হয়।
তদন্ত কর্মকর্তা হেফাজতের আবেদনে বলেন, রউফ ২০০০ সালে তালেবান জঙ্গিদের হয়ে আফগান যুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে দেশে ফিরে হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নানের সঙ্গে জড়িত হন তিনি। ২০০৪ সালের ২১ অগাস্ট তিনি আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় অংশ নেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
এ ঘটনায় হত্যা, হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি।
দুই মামলাতেই বর্তমানে অধিকতর তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএন/জেকে/১৬৫১ ঘ.
bdnews24