২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে নানা কর্মসূচি

সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়কের জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে- 'বঙ্গবন্ধুর স্বপ্নদেশ, দিন বদলের বাংলাদেশ'। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবেন। পরে সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। টুঙ্গীপাড়ায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিকাল ৪টায় ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনেও শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এছাড়া বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জাতীয় গ্রন্থকেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর তৈরি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ । এক তথ্য বিবরণীতে জানানো হয়, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ এবং জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টেলিভিশনও বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। দিকসটি উপলক্ষে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতেও আলোচনা সভা, প্রামাণ্য চিত্র ও পোস্টার প্রদর্শনসহ বিভিন্ন আনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৩১৩ ঘ.