ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিল বাণিজ্যিক এলাকায় আগুনে কিছু গুরুত্বপূর্ণ ভবনের বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
মতিঝিলের টয়োটা ভবনের পাশে একটি খোলা জায়গায় কিছু ভাঙারির দোকানে বুধবার ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগে।
সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল বাহিনী জানায়।
দমকল বাহিনী জানিয়েছে, আগুনে বাংলাদেশ পাটকল করপোরেশনের সাত তলা ভবনের এবং চা বোর্ডের চারতলা ভবনের নিচতলায় এবং ব্যাংক এশিয়ার বাইরের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সাঈদ হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১১/১১৩ মতিঝিল বাণিজ্যিক এলাকায় আকরাম হোসেনের খোলা প্লটে প্রায় ১৫-২০টি ভাঙারির দোকান আছে। এগুলো থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন লাগার মূল কারণ এখনো জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১২০০ ঘ.
bdnews24