পাবনা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলায় সোমবার রাতে ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী চারজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
এরা হলেন- বেড়া উপজেলার বৃশালিকা গ্রামের মোহাম্মদ আলী (১৯), জমিন ওরফে জামিল (২৮), বনগ্রামের বিকাশ গোস্বামী (২০) এবং সাঁথিয়া উপজেলার তলট গ্রামের সালাম (৩৫)।
পুলিশ জানায়, রাতে সাঁথিয়া-বেড়া সড়কের বোয়াইলমারী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ৮/৯ জন ডাকাত চোমরপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের (৫০) আট হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়।
এরপর পাশের আলাউদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন সেট লুট করে।
এ সময় ডাকাতরা আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে। তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর ভোররাতে ডাকাতরা বায়া খড় বাগান এলাকায় আ. সালাম (৪৫) নামের একজনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।
এ সময় সালামের চিৎকারে গ্রামের লোকজন এসে চারজনকে ধরে ফেলে।
সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ বলেন, গ্রেপ্তার এই ডাকাতদের বিরুদ্ধে বেড়া ও সাঁথিয়া থানায় সড়ক ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.
bdnews24