সাভার, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ে একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত সাত হাজার মুরগি নিধনের নির্দেশ দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।
মঙ্গলবার রাতে ভাড়ারিয়া ইউনিয়নের মালঞ্চ গ্রামের 'মায়ের দোয়া পোল্ট্রি' খামারের মুরগিগুলো নিধন করা হবে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় জানিয়েছে, গত কয়েকদিন ধরে 'মায়ের দোয়া পোল্ট্রি'র মুরগি মারা যেতে থাকে। কয়েকটি মৃত মুরগি পরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে (সিডিআইএল) পাঠানো হলে সেখানে বার্ড ফ্লু সনাক্ত করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলীর উপস্থিতিতে ওই খামারের বার্ড ফ্লু আক্রান্ত সাত হাজার মুরগি রাতের মধ্যেই নিধন করা হবে।
মুরগিগুলো মেরে বস্তায় ভরে আট ফুট গর্তে মাটিচাপা দিয়ে জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৭ ঘ.
bdnews24