ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দয়া করে সংসদে অবস্থান করেন। আমাদের ভুলত্র"টি হলে ধরিয়ে দেবেন। আমরা নিজেদের সংশোধন করবো নিজেদের।
বিরোদী দল সংসদে যোগ দেওয়ায় তাদের সরকারের পক্ষ থেকে স্বাগত জানান কৃষিমন্ত্রী। একইসঙ্গে বিরোধীদলীয় নেতার বক্তব্য নাকচ করে দিয়ে কৃষিমন্ত্রী বলেছেন, বিভ্রম সৃষ্টি করতে চাইলেই বিভ্রম সৃষ্টি হয় না। উনি বিস্মরণের প্রতিযোগিতায় নামলে অবশ্যই প্রথম হবেন।
বিএনপি'র সাংসদদের উদ্দেশ্যে মতিয়া বলেন, আপনারা ভোলা চালের ভাত খান। যে চালের ভাত খেলে সব ভুলে যান।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে মতিয়া চৌধুরী এ সব কথা বলেন। তবে, এ সময় খালেদা জিয়া সংসদে ছিলেন না।
মাগরিবের নামাজের বিরতীর পরপরই খালেদা জিয়া সংসদ ত্যাগ করেন।
সংসদে এসে খালেদা জিয়া বক্তব্য রাখার পর অন্যান্য বারের মতো বিএনপি'র সাংসদরা চলে না গিয়ে সংসদে থাকায় বিএনপি নেতাদের ধন্যবাদ জানান মতিয়া।
তিনি বলেন, বহুযুগের ওপার থেকে আষাঢ়ের মতো উনি বক্তব্য দিলেন। এর আগে, উনি বক্তব্য দিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেছেন। আজকে, উত্তর শোনার অপেক্ষায় ওনার পার্টি আছেন।
দেশে সংবিধান নোই বলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাবে মতিয়া বলেন, উনি সুপ্রিম কোর্টের রায় পড়েননি বলেই এমন কথা বলছেন। তবে, ওনার পড়ার অভ্যাস নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।
মুহাম্মদ ইউনূসকে সরকার অসম্মান করছে এবং তার বিরুদ্ধে মামলা করেছে বলে খালেদা জিয়া যে অভিযোগ করেন তার জবাবে মতিয়া চৌধুরী বলেন, ইউনূস সাহেব প্রসঙ্গে কিছু বলবো না। উনি নিজেই কোর্টে গেছেন।
"তবে, যিনি প্রথম স্ত্রীকে শিশু কন্যাসহ ঘর থেকে তাড়িয়ে দিলেন। আর, কোনো খোঁজ নিলেন না। যখন অপেরা শিল্পী হিসাবে লাইম লাইটে এলো, তখন বললো সেই মনিকা তার মেয়ে। তখন তিনি তার মেয়ের স্বীকৃতি দিলেন। স্ত্রী-কন্যাকে বনবাসে দিলেন।"
মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, শতকরা ৩৫ ভাগ সুদে নারীমুক্তির কথা বলছেন। ঘরের আসবাবপত্র সব নিয়ে যাচ্ছে।
"ইউনূস সাহেব ভালো বিক্রেতা। নিজের গল্প ভালো ভাবেই বিক্রি করতে পারেন।"
বিডিআর বিদ্রোহের সঙ্গে বিএনপি'র সম্পৃক্ততা দেশবাসী জানে- এ দাবি করে মতিয়া বলেন, বিডিআর হত্যাকাণ্ড শুরু হওয়ার পরই মাননীয় বিরোধীদলীয় নেতা নিরাপত্তা ছাড়া তিনটা দিন কোথায় চলে গেলেন?
"সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি, নানক (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী), আজম [মির্জা আজম], এরশাদ সাহেব [এইচ এম এরশাদ] পিলখানায় গিয়েছিলাম। কিন্তু, বিএনপি'র কেউ সেদিন সেখানে যাননি।"
সরকারের 'ডিজিটাল বাংলাদেশ' কর্মসূচির সমালোচনা করে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ২০০৩ সালে আমরা বিনা পয়সায় ফাইবার অপটিক কেবলের সঙ্গে সংসুক্ত হতে পারতাম। অতি গোপন কথা বাইরে চলে যাবেন- এজন্য তখন তা গ্রহণ করা হয়নি। যারা জনগণকে নিরক্ষর রাখতে চায়, জনগণকে লুট করতে চায় তারা চায় না বলেই দেশের উন্নতি হয় না।
খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, কেন ফখরুদ্দীন-মঈনুদ্দীন সরকারের জঞ্জাল বিএনপি'র ঘাড়ে চাপানো হচ্ছে?
এর জবাবে মতিয়া চৌধুরী বলেন, ফখরুদ্দীন-মঈনুদ্দীনের কথা বললেন। কিন্তু, ইয়াজউদ্দিনের কথা বললেন না। ভাসুরের নাম মুখে নিতে কী লজ্জা লাগে? আপনারা যে খেলা কেলতে চেয়েছিলেন- তা পারেন নাই। সাত্তারের মতো ইয়াজউদ্দিন ফখরুদ্দীন-মঈনুদ্দীনকে বসিয়ে রক্ষা পেয়েছেন।
সারের মূল্য বেশি বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে মতিয়া চৌধুরী বলেন, এখন কৃষক সারের পেছনে ছোটে না। সার কৃষকের পেছনে ছোটে। ওনারা নিজেরা নিজেদের বেতন বাড়িয়েছিলেন। আমরা আগে সবার বেতন বাড়িয়েছি। তারপর, নিজেদের বেতন বাড়িয়েছি।
"মন্ত্রীরা করমুক্ত গাড়ি আনতে পারবেন না। করমুক্ত গাড়ি শুধু সাংসদরা আনতে পারবেন।"
সরকারের থাকতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, আপনারা ক্ষমতায় এসে বীরদর্পে আদমজী শেষ করে দিলেন। পাটির বাজার প্রতিবেশী দেশের হাতে তুলে দিলেন।
কৃষকরা আলু কোল্ড স্টোরেজে রাখতে পারছে না বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে মতিয়া বলেন, "কৃষির সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ততা থাকলে জানতেন-চৈত্র মাসের আগে আলু কোল্ড স্টোরেজে যায় না।"
বছরের প্রায় অর্ধেক চলে গেলেও শিক্ষার্থীরা এখনো বই পায়নি বলে খালেদা জিয়া তার বক্তব্যে দাবি করেন। তার এই বক্তব্যের জবাবে মতিয়া চৌধুরী বলেন, পড়াশোনায় নজর দেননি। পড়ার বই দেখতে কেমন জানেন না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন- আপনারা কি এই কথা ভুলে গেছেন? বাবার কোলে নওশীন মারা গিয়েছিলো- এটা কি আপনারা ভুলে গেছেন? আপনারা যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। এর প্রভাব তো আমাদের ওপর পড়বেই।
সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বলে খালেদা জিয়া যে অভিযোগ করেন তার জবাবে মতিয়া বলেন, মাননীয় বিরোধীদলীয় নেত্রী, আপনার ছেলেকে মানি লন্ডারিংয়ের মামলায় দোষী সাব্যস্ত করে আমেরিকার ফেডারেল কোর্ট রায় দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০৯ ঘ.
bdnews24