চাঁদপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ডিমওয়ালা ১৫ মণ ইলিশ আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড সদস্যরা মেঘনা মোহনায় অভিযান চালিয়ে এই ইলিশ আটক করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুরের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার লেফটেন্টেট এমএমবি ফাহিম।
তিনি সাংবাদিকদের জানান, আটককৃত ডিমওয়ালা ইলিশ মঙ্গলবার দুপুরে ৩১ হাজার ৫শ' টাকায় নিলামে বিক্রি করা হয়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন নিলামে উপস্থিত ছিলেন।
বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা 'অভিযান-১' নামের যাত্রীবাহী লঞ্চটি চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রমকালে কোস্টগার্ড তল্লাশি চালিয়ে এই ডিমওয়ালা ইলিশ আটক করে।
ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু'মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
এ সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ থাকবে। এর মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮২৪ ঘ.
bdnews24