২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতি পাবে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী'

দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। একইসঙ্গে মুক্তিযুদ্ধে ক্ষুদ্র জাতিসত্তার অবদান ও তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, রীতি, প্রথা, সাহিত্য, শিল্পকলার বহুমাত্রিক অবদানের কথাও সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংসদে প্রতিনিধিত্বকারী সদস্যদের শুনানি শেষে মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন কমিটি কো চেয়ারম্যান সুরঞ্জিত। বর্তমান সংবিধানে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী উপজাতি হিসেবে স্বীকৃত। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, যতীন্দ্র লাল ত্রিপুরা ও এথিন রাখাইন তাদের বক্তব্য তুলে ধরেন। সংসদের গণমাধ্যমকেন্দ্রে ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সংজ্ঞায়িত করা হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। "আমাদের যে হাজার হাজার বছরের সভ্যতা, আমাদের যে জাতি; এখানে ওই অর্থে কোনো ঔপনিবেশিক শাসন ছিল না। যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার মতো এখানা আদিবাসী ছিল না। সুতরাং এ জনগোষ্ঠীর আদিবাসী হিসেবে স্বীকৃতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।" সুরঞ্জিত বলেন, নৃতাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠী বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচিত হবেন। পাশাপাশি ভূমি, বন, সম্পদ, জীবন-জীবিকায় তাদের অধিকার যতটুকু সম্ভব সংবিধান স্বীকৃতি দেবে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মুক্তিযুদ্ধের অবদানের কথা স্বীকার করে সুরঞ্জিত জানান, ৭২-এর সংবিধানে এ বিষয়টি ছিল না। মুক্তিযুদ্ধের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে অবদান ছিল তার স্বীকৃতি দেওয়া হবে। এ বিষয়ে কমিটির কোনো দ্বিমত নেই। মঙ্গলবারের বৈঠকে ১৫ সদস্যের বিশেষ কমিটির সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন না। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৭২৮ ঘ.