ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) এলাকার ৬৮টি পার্ক ও ১০টি খেলার মাঠের স্থাপনা ভেঙে ফেলতে ডিসিসি ও রাজউক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) একটি রিট মামলার রায়ে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রায় দেন।
আদালতের রায়ে বলা হয়, কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে পার্ক ও খেলার মাঠের সীমানা চিহ্নিত করতে হবে। এই সময়ের মধ্যে পার্ক ও মাঠ পরিচালনার কাজ ব্যতীত অন্য উদ্দেশ্যে নির্মিত সব স্থাপনা ভেঙে ফেলতে হবে।
পরবর্তী ১০ দিনের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন আদালতে জমা দিতে হবে।
রিট আবেদনকারীর পক্ষে সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির লিটন এবং সরকার পক্ষে ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন এ মামলার শুনানিতে অংশ নেন।
ইকবাল কবির লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি কর্পোরেশনের প্রতিবেদন অনুযায়ী ঢাকায় পার্ক ও খেলার মাঠ রক্ষায় ২০০৩ সালে আমরা রিট আবেদনটি করেছিলাম। ওই বছরই আদালত এ বিষয়ে একটি আদেশ রুল দিয়েছিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/জেকে/১৭১০ ঘ.
bdnews24