ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোকিওতে বাংলাদেশ দূতাবাস আপাতত বন্ধ রাখা হয়েছে। নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে জাপানে অবস্থানরত ১২ হাজার বাংলাদেশিকে।
শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নির্দেশ পাঠানো হয় বলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন।
মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় বার বিস্ফোরণের পর তেজস্ক্রিয়ার মাত্রা বেড়ে যায়। যা টোকিও পর্যন্ত সঞ্চারিত হচ্ছে।
দীপু মনি বলেন, আমরা তথ্য পেয়েছি যে টোকিওতে আমাদের দূতাবাস যে স্থানটিতে রয়েছে, তা ঝুঁকিমুক্ত নয়। তাই দূতাবাস দক্ষিণের নিরাপদ কোনো স্থানে সরাতে বলা হয়েছে।
"টোকিও দূতাবাস আপাতত বন্ধ রয়েছে।"
হিরোশিমা ও নাগাসাকি কিংবা এর পাশের দক্ষিণাঞ্চলীয় কোনো শহরে নতুন দূতাবাস স্থাপন করতে বলা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপানে অবস্থানরত ১২ হাজার বাংলাদেশিকেও নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।
"তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।"
শুক্রবার ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে জাপানের এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সমস্যা দেখা দেয়। জাপানের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।
জাপানের পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি বিজ্ঞান এবং যোগাযোগ ও প্রযুক্তি, তথ্য, স্বাস্থ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ আনবিক শক্তি সংস্থা পর্যবেক্ষণ করছে বলে দীপু মনি জানান।
রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথে এগোচ্ছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক্ষেত্রে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই সরকার সিদ্ধান্ত নেবে।
"পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এ বিষয়ে সরকার সচেতন রয়েছে।"
ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে জাপানের এক রাজ্যে ১০ হাজার মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "জাপানে প্রাণহানিতে শোক প্রকাশ করে আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে বার্তা পাঠিয়েছেন। সেখানে উদ্ধারকর্মী দল পাঠাতেও আমরা প্রস্তুত বলে জানানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/পিডি/১৮২১ ঘ.
bdnews24