২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবিকার 'অসতর্কতায়' শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ সদর হাসপাতালে সেবিকার অসতর্কতায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর পর হাসপাতালে হৈ চৈ করেছে শিশুটির স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 05:35 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

সিরাজগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালে সেবিকার অসতর্কতায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর পর হাসপাতালে হৈ চৈ করেছে শিশুটির স্বজনরা। সোমবার সন্ধ্যায় হাসপাতালে রবিউল নামে দুই মাস বয়সি ওই শিশু মারা যায়। এ ঘটনায় সেবিকার অবহেলা ছিলো কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। নিউমোনিয়া আক্রান্ত রবিউলকে হাসপাতালে আনা হয় সন্ধ্যা ৭টার দিকে। তাকে অক্সিজেন দেওয়া হলেও সেবিকা 'ভুল' করে তা খুলে নেওয়ায় রবিউলের মৃত্যু হয় বলে স্বজনদের অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিউলের মৃত্যুর পর তার স্বজনরা সেবিকার 'অবহেলার' প্রতিবাদ করলে হাসপাতালকর্মীদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। উত্তেজনা দেখা দিলে ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসে পরিস্থিতি শান্ত করেন। হাসপাতালের চিকিৎসক কামরুল হাসান পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অক্সিজেনের পাইপ খুলে যাওয়ার কারণেই রবিউলের মৃত্যু হয়েছে। রবিউলের মা ফরিদা খাতুন অভিযোগ করেন, কর্তব্যরত সেবিকা রাশেদা খাতুন পাইপ খুলেছেন। সেবিকা রাশেদা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটির চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১৩০ ঘ.