ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের রায় স্থগিত না করে মুহাম্মদ ইউনূসের করা আবেদনের শুনানি দুই সপ্তাহ মুলতবি করেছে সর্বোচ্চ আদালত। ফলে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে নোবেলজয়ী এ বাংলাদেশির অপসারণের আদেশ এখনো বহাল রইলো।
মঙ্গলবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতে ইউনূসের আবেদনের শুনানি হয়।
ইউনূসের পক্ষে শুনানিতে ড. কামাল হোসেন বলেন, রিট আবেদনে হাইকোর্ট কোনো রুল (আদেশ) না দিয়ে রায় দিয়েছেন।
এক দফা শুনানির পর আদালত হাইকোর্টের রায়ের অনুলিপি হাতে পাওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিয়ে শুনানি মুলতবি করেন। রায়ের অনুলিপি পাওয়ার পর ইউনূস হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে পারবেন।
শুনানিতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি সাংবাদিকদের বলেন, "আদালত শুনানি দুই সপ্তাহ মুলতবি করেছেন। তবে কোনো স্থগিতাদেশ দেননি।"
এর ফলে ইউনূসকে অপসারণে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রইলো বলে জানান তিনি।
বেশি বয়সের কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ইউনূসকে অপসারণ করে।
ইউনূস এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। হাইকোর্টের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়।
এরপর গত ৯ মার্চ ইউনূস রিট আবেদন খারিজের রায় স্থগিতে আপিল বিভাগে আবেদন করেন। তখন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24