ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের অংশ বিশেষ প্রত্যাহারের আবেদন করেছে সরকারপক্ষ।
সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে রায়ের অংশ বিশেষ প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে আবেদনে।
মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের ওই রায়ের পর্যবেক্ষণে সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করা হলেও সেই আমলে করা কিছু ভালো কাজকে অবৈধ ঘোষণা না করে মার্জনা করার কথা বলা হয়েছে।
"আমরা বলছি, রায়ের মূল অংশে যেহেতু ওই শাসন আমলকে পাস্ট এন্ড ক্লোজ বলা হয়েছে। তাই বিশেষ কোন কাজও আলাদা করে মার্জনা করার কথা বলা প্রয়োজন নেই।"
এ ছাড়া সংবিধানের ১৫০ অনুচ্ছেদে ক্রান্তিকালীন অবস্থা নিয়ে সুপ্রিম কোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়েছিল- উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা বলছি, সংবিধান তৈরির আগের সময়টিই কেবল ক্রান্তিকালীন অবস্থা। পরে ক্রান্তিকালীন অবস্থার কথা বলে সামরিক শাসনকে সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই।
"আমরা হাইকোর্টের রায়টিকেই যথার্থ বলে মনে করছি।"
মুন সিনেমা হলের মালিকানা দাবি করে বাংলাদেশ ইতালিয়ান মার্চেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের একটি রিট আবেদনে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ অগাস্ট সিনেমা হলটির মালিকানা ফেরত দেয়ার নির্দেশ দেয় এবং সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে।
এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়।
তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দেয়।
এ রায়ের বিরুদ্ধে ওইদিন রাতেই তৎকালীন অ্যাটর্নি জেনারেল আপিল করেন। গত ৩ জানুয়ারি সরকারের এক আবেদনে আপিল বিভাগ ওই আবেদন প্রত্যাহার করার অনুমতি দেন।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতপন্থি তিন আইনজীবী এতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন। শুনানি শেষে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ ২ ফেব্র"য়ারি আবেদনগুলো খারিজ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০২৬ ঘ.
bdnews24