পঞ্চগড়, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফারনের বয়স আশির কোঠায় তা চেহারাতেই স্পষ্ট। তার দুই ছেলে পিয়ারউদ্দীন ও আইনউদ্দীনের বয়স যথাক্রমে ৬৫ ও ৫০।
কিন্তু বয়স্ক ভাতা ইফারন পান না, পাচ্ছেন দুই ছেলে।
এ ঘটনা পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের পূর্ব আয়মা ঝলই গ্রামের।
সোমবার সরেজমিন ওই গ্রামে গিয়ে দেখা যায়, বয়সের ভারে ইফারন ঠিকমত হাঁটাচলা করতে পারেন না। বহু কষ্টে ভিক্ষা করে শেষ বয়সের ঘানি টেনে যাচ্ছেন। অসুস্থ্যতার কারণে সব দিন ভিক্ষায় বের হতে পারেন না। এ জন্য কোন কোন দিন উপোষও থাকতে হয়।
স্বামী নেকাই মোহাম্মদ গত হয়েছেন ২৫ বছর আগে। ছেলেরা নিজেদের সংসারের কথা বলে বৃদ্ধ মাকে দেখভালের দায়িত্ব ভুলে আছেন। এ জন্য ইউনিয়ন পরিষদ সদস্যের কাছে বয়স্ক ভাতার একটি কার্ড করে চান ইফারন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, কার্ডের জন্য ইউপি সদস্য ৫শ' টাকা চেয়েছিলেন। কিন্তু তিনি দিতে পারেননি। এজন্য বয়স্ক ভাতার কার্ডও তার কপালে জোটেনি।
তিনি বলেন, "মেম্বার মোটঠে ৫শ' টাকা চাহিচিল। মুই কুনঠে পাম ৫শ' টাকা। ওইতানে মোক কাড দেয়নি।"
তবে রহস্যজনকভাবে তার দুই ছেলে পিয়ারউদ্দীন ও আইনউদ্দীন বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন। নিয়মিত ভাতাও পাচ্ছেন তারা।
বড় ছেলে পিয়ারউদ্দীন তার মায়ের বয়স্ক ভাতার কার্ড না হওয়া প্রসঙ্গে বলেন, "আমি মাকে কার্ড করে দিতে বলেছি। কিন্তু মেম্বার দেয়নি। আমি অসুস্থ্য ছিলাম। ওইজন্য আমাকে দিয়েছে।"
ইউপি সদস্য নির্মল কুমার সেন ইফারনের কাছে ৫শ' টাকা চাওয়ার কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃদ্ধার দুই ছেলে তাদের মাকে খাওয়ানোর কথা বলে নিজেরা কার্ড করে নেন। কিন্তু এখন শুনছি তারা তাদের মাকে খাওয়ায় না।"
ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফারনের বিষয়টি আমাদের অগ্রাধিকার তালিকায় আছে। সুযোগ পেলেই তাকে তালিকাভুক্ত করে নেওয়া হবে।"
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমার জানা ছিল না। অবশ্যই আমরা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ ২০১১ ঘ.
bdnews24