ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর-ন্যায়পাল কার্যালয়ের কার্যক্রম রহিত করতে সংসদে একটি বিল তোলা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার কর-ন্যায়পাল (রহিতকরণ) আইন ২০১১ নামের এই বিল সংসদে উত্থাপন করেন।
বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, কর-ন্যায়পাল কার্যালয়ের জন্য প্রণীত আইন ও বিধিমালা এবং কর সংক্রান্ত আইনগুলোর মধ্যে সাংঘর্ষিক বিষয় থাকায় এবং কর ন্যায়পাল আইন ও বিধিমালার আওতায় সুপারিশ বাস্তবায়নের বাধ্য-বাধকতা না থাকায় কার্যালয়টি অকার্যকর হয়ে পড়েছে।
অথচ কর-ন্যায়পাল কার্যালয়ের জন্য ২০০৯-১০ অর্থ বছরের সংশোধিত বাজেটে এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ফলে কর প্রশাসনের অপশাসন দূর করার পরিবর্তে কর-ন্যায়পাল কার্যালয় একটি ব্যয়সাধ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, বিলটি পাস হলে কর-ন্যায়পাল কার্যালয়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও গচ্ছিত অর্থ এবং অন্য সব সম্পদ, দলিল-দস্তাবেজ সরকারের অনুকূলে ন্যস্ত হবে। কর-ন্যায়পাল কার্যালয়ের দায় দেনা সরকারের ওপর বর্তাবে। কার্যালয়ের অধীনে থাকা অনিষ্পন্ন সব অভিযোগ, তদন্ত ও সাক্ষ্য বাতিল হবে।
এছাড়া কর-ন্যায়পাল কার্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বিধি অনুযায়ী আত্মীকরণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০০৬ ঘ.
bdnews24