২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণ ধরার ফাঁদসহ আটক ৬

সুন্দরবনে বনকর্মীরা হরিণ ধরার ফাঁদসহ ছয়জন শিকারীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

বাগেরহাট, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বনকর্মীরা হরিণ ধরার ফাঁদসহ ছয়জন শিকারীকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক শত পাঁচটি দড়ির ফাঁদ, প্রায় পাঁচ হাজার ফুট নাইলনের দড়ি ও দুটি নৌকা। রোববার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ক্যাম্প সংলগ্ন বন থেকে এই সরঞ্জামসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো খুলনা জেলার দাকোপ উপজেলার ঘোরকাঠি গ্রামের শফিকুল গাজী (৩৫), নূর মোহম্মদ শিকারী (৩২), শফিকুর সরদার (৫৫), একই উপজেলার বারৈখালী গ্রামের ইন্দ্রজিৎ মণ্ডল (৩২), রমেণ মণ্ডল (৪৮) এবং খেজুরিয়া গ্রামের কমলেশ মণ্ডল (২৫)। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপাই রেঞ্জের ৩ নং গোলপাতা কূপের ফরেস্টার শফিকুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা নিয়মিত টহলের সময় রোববার সন্ধ্যায় ঐ নৌকা দুটি দেখতে পান। নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা তাতে তল্লাশি চালিয়ে হরিণ ধরার ১০৫টি ফাঁদ ও প্রায় পাঁচ হাজার ফুট নাইলনের দড়ি উদ্ধার এবং ওই ছয়জনকে আটক করেন। তারা অবৈধভাবে হরিণ শিকারের জন্য সুন্দরবনে ঢুকেছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। পরে তাদেরকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯০৬ ঘ.