২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক কলহের জের ধরে গৃহবধুকে মারধর, মামলা

নওগাঁয় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে মারধর ও তার মাথার চুল কেটে দিয়েছে স্বামী ও দেবররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

নওগাঁ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে মারধর ও তার মাথার চুল কেটে দিয়েছে স্বামী ও দেবররা। আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়দাপাড়া গ্রামে শনিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ সোমবার একজনকে গ্রেপ্তার করেছে। আত্রাই থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড়দাপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের (৪০) সঙ্গে একই গ্রামের আব্দুল গনির মেয়ে শাপলার (৩০) প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই তাদের পারিবারিক কলহ হয়ে থাকে। শনিবার রাত ১টার দিকে ঝগড়ার এক পর্যায়ে শাপলার স্বামী নজরুল ও দুই দেবর আমিনুল ইসলাম (৩৫) ও রেজাউল ইসলাম (২৫) মিলে শাপলাকে প্রহার করে ও মাথার চুল কেটে দেয়। ওই রাতেই শাপলা স্বামীর বাড়ি থেকে বের হয়ে গিয়ে বাবার বাড়ি আশ্রয় নেয়। পরদিন শাপলার বাবা আব্দুল গনি এ ঘটনায় আত্রাই থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় শাপলার দেবর রেজাউল ইসলামকে সোমবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৫৯ ঘ.