যশোর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দেশে এখন চার হাজার প্রকারের দুর্নীতি হচ্ছে। এক সময় যা ছিল ৪০ প্রকার।
সোমবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এসব দুর্নীতি হয়।
'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক এ মতবিনিময় সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।
দুদক চেয়ারম্যান বলেন, যারা চোরাচালান, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, ঘুষ গ্রহণ ও দুর্নীতি করে অবৈধ সম্পদের মালিক হচ্ছেন, তারা সমাজে যতো প্রভাবশালীই হোক না কেন, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে।
দুর্নীতিবাজদের 'সমাজের শত্র"' আখ্যায়িত করে গোলাম রহমান বলেন, "দুর্নীতি হলে গবিরের দুর্ভোগ বাড়ে। সরকারের ব্যয় বাড়ে, আয় কমে।"
জেলা প্রশাসক মো. নূরুল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুগ্ম-সচিব মোস্তফা কামাল, দুদকের খুলনা বিভাগীয় কর্মকর্তা আইউব হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, "আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হলেও অর্থনৈতিক স্বাধীনতা আজো আসেনি। দুর্নীতিই এর প্রধান অন্তরায়।"
প্রত্যেক স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘ গঠন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে 'দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ' পালনের আহ্বান জানান তিনি।
পরে সার্কিট হাউজে দুর্নীতি বিরোধী কমিটির সঙ্গে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান। খুলনা বিভাগের ২২ উপজেলার দুর্নীতি বিরোধী কমিটির নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৩৪ ঘ.
bdnews24