চাঁদপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে কারাগারে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী নাজমুন নাহার বেবী।
সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বেবী একথা বলেন।
বেবী বলেন, মিলনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যার কোনো কোনো ভিত্তি নেই।
২০১০ সালের ১৪ মার্চ থেকে ছিনতাইয়ের মামলায় কারাগারে আটক রয়েছেন মিলন। বর্তমানে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
মিলনের কারাগারে আটকের এক বছর উপলক্ষে 'মিলন মুক্তি পরিষদ' এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বেবী বলেন, "মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানা ও আদালতে এই পর্যন্ত ২২টি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি ২১টি মামলায় জামিন পেয়েছেন।"
"একটি মামলায় জামিন পেতে না পেতেই আরেকটি মিথ্যা মামলা দিয়ে মিলনের মুক্তির পথ বন্ধ করে দেওয়া হচ্ছে", বলেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল বিন বাশার প্রমুখ।
পরে প্রেসক্লাবের সামনে মিলনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।
নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মহীউদ্দীন খান আলমগীরের কাছে পরাজিত হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭২৪ ঘ.
bdnews24