ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তবর্তী জেলা থেকে ভারতীয় মোবাইল ফোন নম্বর ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার বেনাপোল বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লাবলু শিকদার (২৮), ইমরান হোসেন (৩৬), জামাল শেখ (৩৩) ও উবাইদুর রহমান (২৮)। তাদের সকলেরই বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।
এছাড়া ওই চারজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সহযোগী এস এ পরিবহন মিরপুর-১০ শাখার পার্সেল সহকারী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম চারজন ভারতে অবস্থানরত শাহাদত, নবী হোসেন, ডাকাত শহীদসহ শীর্ষ সন্ত্রাসীদের পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদাবাজি করতো। আর রফিকুল চাঁদা আদায়ে তাদের সহযোগিতা করতো।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭০০ ঘ.
bdnews24