২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় অনুভূতিতে আঘাতনিজামী-মুজাহিদের মামলায় ফের তারিখ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। ৬ এপ্রিল নতুন তারিখ রেখেছে আদালত ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামীর পাঁচ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। ৬ এপ্রিল নতুন তারিখ রেখেছে আদালত । সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া এ তারিখ দেন। নিজামীসহ পাঁচ আসামির আইনজীবীর সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ নির্ধারণ করে। বাদি হাজির না হওয়ায় আগের তিনটি নির্ধারিত তারিখেও শুনানি পেছানো হয়েছিলো। হযরত মুহাম্মদ (সা) এর সঙ্গে জামায়াতে ইসলামীর প্রধান নিজামীকে তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ২১ মার্চ মামলাটি করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। মামলায় মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মো. রফিকুল ইসলাম খান, দেলাওয়ার হোসেন সাইদী, মহানগর ঢাকা দক্ষিণের শিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়। এদের মধ্যে ইয়াহিয়া ছাড়া বাকি চার জন কারাগারে রয়েছেন। ইয়াহিয়া আছেন জামিনে। সকালে কারাগারে থাকা চার জনকে কোর্ট হাজতে আনা হয়। এছাড়া জামিনে থাকা অপর আসামিও হাজিরা দেন। মামলার নথি থেকে জানা যায়, ইসলামের অপব্যাখ্যাকারী অভিযুক্তরা মুক্তিযোদ্ধা হত্যাসহ নারী নির্যাতনকারী। তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে দেশ থেকে পালিয়ে গিয়েছিলো। পরে তারা রাজনীতি করার সুযোগ পেয়ে আল্লাহ-রাসূল (সা) ও দেশ জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন। সেদিন নবীর সঙ্গে তুলনা করে দেওয়া বক্তব্যকে নিজামী-মুজাহিদ হাততালি দিয়ে স্বাগত জানিয়েছিলেন। গত বছরের ২৯ জুন নিজামী, মুজাহিদ, সাঈদীকে এবং ২৫ অগাস্ট রফিকুলকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১৪৫৩ ঘ.