বগুড়া, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শিবগঞ্জে এমএইচ ডিগ্রি কলেজে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে সন্ত্রাসীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সাংবাদিকদের ওপর এ হামলা হয়। এ ঘটনায় বগুড়া ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস এসোসিয়েশন ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।
বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার বগুড়া ব্যুারো প্রধান ইকবাল মোর্শেদ রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ক্যামেরাম্যান আব্দুল হাকিমকে নিয়ে রোববার দুপুরে ওই কলেজে অচলাবস্থা ও হাইকোর্টের নির্দেশ অমান্য করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান।
তারা কলেজে উপস্থিত হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করতে থাকা আব্দুল মান্নান দ্রুত কক্ষে তালা দিয়ে বেরিয়ে যান। এ সময় কলেজের প্রভাষক আব্দুল হান্নান তাদেরকে ছবি তুলতে বারন করেন।
এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে টেলিফোন করে সন্ত্রাসীদের কলেজ ক্যাম্পাসে ডেকে আনা হয়। ১৫/২০ জন সন্ত্রাসী এসে তাদের দুজনকে প্রহার করে এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে দুজনকে কলেজের বাথরুমে আটকে রাখা হয়। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় তারা পালিয়ে আসতে সক্ষম হন।
ইকবাল মোর্শেদ রিপন বলেন, "ওই সন্ত্রাসীরা স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী।"
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনকারী আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজ পরিচালনা পর্ষদ আমাকে দায়িত্ব দিয়েছে তাই দায়িত্ব পালন করছি। এখানে কাউকে প্রহারের কোন ঘটনা ঘটেনি। তবে কথা কাটাকাটি হয়েছে।"
শিবগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কোন লোক তাদেরকে প্রহার করেনি। আমিই ওই দুই সাংবাদিককে ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যেতে সাহায্য করেছি।"
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের কোন স্থগিতাদেশ কিংবা নির্দেশ এখনও আমার হাতে আসেনি। এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
দুই সাংবাদিককে প্রহারের ঘটনায় রোববার সন্ধ্যায় বগুড়া ইলেট্রনিক মিডিয়া জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৩৬ ঘ.
bdnews24