২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম আদমশুমারি শুরু মঙ্গলবার

সারাদেশে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনার ১৫ দিনের ক্ষণগণনা শেষ হচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনার ১৫ দিনের ক্ষণগণনা শেষ হচ্ছে সোমবার। আদমশুমারি ও গৃহগণনা চলবে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত। দেশে সর্বশেষ ২০০১ সালে আদমশুমারি ও গৃহগণনা হয়। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন । বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা জানান, এবার তিনটি পর্যায়ে আদমশুমারি হবে। আগামী ১৫-১৯ মার্চ হবে মূল গণনা। এর পরের ২০ দিন এসব বিষয় যাচাই করা হবে। পরবর্তী ১২০ দিন ৯০টি প্রশ্ন নিয়ে সারাদেশের এক শতাংশ মানুষের কাছে প্রতিনিধিরা গিয়ে তথ্য-উপাত্ত চূড়ান্তভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা করবেন। তিনি জানান, এবার ব্যক্তিগত ১৪টি বিষয় এবং গৃহ সংক্রান্ত আরো ১১টি বিষয়ে তথ্য সংগ্রহে গণনাকারীরা বাড়ি বাড়ি যাবেন। এবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের সম্পর্কেও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। আদমশুমারি পরিচালনার জন্য সারাদেশকে ১৩০টি জেলায় ভাগ করা হয়েছে। মাঠ পর্যায়ে ৫৭ হাজার সুপারভাইজার ও তিন লাখ ১০ হাজার গণনাকারী তথ্য সংগ্রহ করবেন। তথ্য-উপাত্ত সংগ্রহের ২৪ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান পরিসংখ্যার ব্যুরোর মহাপরিচালক। আদমশুমারি উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশের সার্বিক উন্নয়ন-পরিকল্পনা প্রণয়নে জনসংখ্যাসহ গৃহস্থালি বিষয়ক সঠিক পরিসংখ্যান জানা অত্যন্ত জরুরি। জাতীয় গুরুত্বের কথা বিবেচনা করে জনসংখ্যা বিষয়ক তথ্য যথাযথভাবে সংগ্রহ ও নির্ভুলভাবে প্রক্রিয়াকরণ করতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জনগণকে উত্তম সেবাদান, জীবনযাত্রা উন্নত করা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা প্রণয়নে আদমশুমারি গুরুত্বপূর্ণ। তিনি আদমশুমারিতে সঠিক তথ্য দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে জনগণের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১৩০ ঘ.