ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে দুর্নীতির বিচার বন্ধ করতে দুদককে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
এম কে আনোয়ার রোববার বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আগামীতে দুর্নীতির কোনো বিচার যাতে না করতে পারে, সেজন্যই আজ একে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে সরকার। এভাবে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 'কারাবন্দিত্বের চতুর্থ বার্ষিকী' পালন উপলক্ষে রোববার বিকালে এক আলোচনা সভায় এ কথা বলেন এম কে আনোয়ার।
সকালে দুদক কমিশনার পদে মুক্তিযুদ্ধের সংগঠক ও অবসরপ্রাপ্ত জেলা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এবং সাবেক অতিরিক্ত সচিব ম বদিউজ্জামানকে নিয়োগ দেওয়া হয়।
এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই বিএনপি নেতা এ অভিযোগ করলেন।
এম কে আনোয়ার সংবিধান পূণর্মুদ্রণের কঠোর সমালোচনা করে বলেন, পুনর্মুদ্রণের আগের সংবিধান না ছাপানো সংবিধানের অধীনে দেশ পরিচালিত হচ্ছে, তা স্পষ্ট নয়। ছাপানো সংবিধানটির কোনো কার্যকারিতা নেই। এটি বানরের হাতে লাঠি দেওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে।
দেশের বর্তমান সংকটজনক পরিস্থিতিকে ৭২-৭৫ সালের অবস্থাকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল নেতা মোরতাজুল করীম বাদরু, আ ক ম মোজ্জাম্মেল, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/২০০১ ঘ.
bdnews24