চাঁদপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরে মেঘনা নদীতে দু'টি অভিযানে বিপুল পরিমাণ জাটকা ও কারেন্ট জাল আটক করা হয়েছে।
শনিবার রাতে কোস্টগার্ড ও জাটকা নিধন বিরোধী জেলা টাস্কফোর্স এ অভিযান চালায়।
কোস্টগার্ড মেঘনা-ডাকাতিয়া মোহনায় দু'টি যাত্রীবাহী লঞ্চ থেকে দুই হাজার কেজি জাটকা আটক করে। লঞ্চ দু'টি দক্ষিণাঞ্চল থেকে চাঁদপুর হয়ে ঢাকা যাচ্ছিল।
কোস্টগার্ড চাঁদপুরের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এমএমবি ফাহিম জানান, এমভি বন্ধন ও এমভি শরীয়তপুর-৩ নামের লঞ্চ দু'টি থেকে ১৪টি ঝুড়িতে রাখা প্রায় দুই হাজার কেজি জাটকা আটক করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
রোববার সকালে এসব জাটকা চাঁদপুর শহরের কয়েকটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
একই রাতে জাটকা নিধন বিরোধী জেলা টাস্কফোর্স মেঘনা নদী থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল, কোণা জাল ও মশারি জাল আটক করেছে।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বজলুর রশিদ বলেন, আটক করা জালের মধ্যে কারেন্ট জাল প্রায় ৪০ হাজার মিটার, দু'টি কোণা জাল ও দু'টি মশারি জাল রয়েছে।
এসব জালের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে তিনি জানান।
অভিযানকালে কাউকে আটক করা হয়নি।
ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু'মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকা এর আওতায় রয়েছে।
কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে কারাদণ্ড, জাল পুড়িয়ে দেওয়া ও ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24