গোপালগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা বহুমুখী সেতু নির্মাণের দরপত্র আগামি এপ্রিল মাসে আহ্বান করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
রোববার গোপালগঞ্জে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, "এ বছরেই সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। সেই সঙ্গে বর্তমান সরকারের আমলেই সেতুর 'উল্লেখযোগ্য অংশের' নির্মাণ কাজ শেষ করতে পারবো বলে আশা করছি।"
এর আগে বিভিন্ন সময় তিনি বর্তমান সরকারের আমলেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করার কথা বলেছেন।
পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার। এরমধ্যে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। তারা আরো ৩০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
এছাড়া এশিয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক ও জাইকা ১১৫ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার।
আবুল হোসেন বলেন, "সেতু নির্মাণের জন্য আমরা এরই মধ্যে ১৮ হাজার কোটি টাকা বিদেশ থেকে পেয়েছি। এটা একটা বড় সাফল্য।"
অনুষ্ঠানে পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম জানান, ১০ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি হবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সেতু। এ সেতুর ছয় কিলোমিটার থাকবে নদীর ওপরে এবং ৪ কিলোমিটার থাকবে দুদিকে মাটির ওপরে।
"অববাহিকার দিক থেকে পদ্মা পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী। এর আগে এতো বড় নদীর ওপর সেতু নির্মিত হয়নি", বলেন প্রকল্প পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/কেএমএস/১৭০২ ঘ.
bdnews24