২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের জন্য পৃথক আদমশুমারি দাবি

আদিবাসীদের জন্য পৃথক আদমশুমারির দাবিতে মাগুরার শালিখায় অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগের আঞ্চলিক আদিবাসী সম্মেলন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

মাগুরা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আদিবাসীদের জন্য পৃথক আদমশুমারির দাবিতে মাগুরার শালিখায় অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগের আঞ্চলিক আদিবাসী সম্মেলন । শালিখায় চুকিনগর মাঠে রোববার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ১০টি জেলার বিভিন্ন গোষ্ঠীর আদিবাসীরা এতে অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন আদিবাসী জাতীয় কোয়ালিশনের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল। শালিখা উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী জাতীয় কোয়ালিশনের আইন বিষয়ক সম্পাদক নিলুফার বানু, আদিবাসী নেত্রী রাখি ম্রং, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, স্থানীয় আদিবাসী নেতা সুভাস চন্দ্র রায়, মন্মথ চৌধুরী রাজবংশী, সুকুমার মণ্ডল, গজেন্দ্রনাথ বিশ্বাস, সুভাস চন্দ্র রায়, দুলাল চন্দ্র রায়, নারায়ণ চন্দ্র বিশ্বাস। অধ্যাপক মেজবাহ কামাল তার বক্তব্যে বলেন, "সারা দেশে ৭৫টি আদিবাসী গোষ্ঠী রয়েছে। কিন্তু পরিসংখ্যান ব্যুরোতে বার বার আবেদন জানানো সত্ত্বেও এ বছর আদমশুমারিতে মাত্র ২৭টি সম্প্রদায়কে অন্তভূক্ত করা হয়েছে। ফলে আদিবাসীর স্বীকৃতি থেকে ৪৮টি গোষ্ঠী উপেক্ষিত থেকে যাচ্ছে। যে কারণে আমরা সরকারের এই আদমশুমারি প্রত্যাখ্যান করে আদিবাসীদের জন্য পৃথক আদমশুমারির দাবি করছি। তা না হলে একটি বিরাট জনগোষ্ঠী এই গণনা থেকে বাদ পড়ে যাবে।" অন্য বক্তারা আদিবাসীদের জন্য পৃথক আদমশুমারি এবং দেশের সব আদিবাসী গোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪৪ ঘ.