ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১১ আগামী ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এর আয়োজক বাংলাদেশ বিজ্ঞান একাডেমী।
রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশ থেকে উঠে আসা পাঁচশ' শিক্ষার্থী এতে অংশ নেবে।
সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ১১ মার্চ দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, নটরডেম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও ঢাকা কলেজিয়েট হাইস্কুলে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী এসব শিক্ষার্থী জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নেবে।
সম্মেলনে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সভাপতি অধ্যাপক এম শমসের আলী, একাডেমীর গবেষক অধ্যাপক মশিউজ্জামান ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১১ এর সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এইচএ/১৭৪৮ ঘ.
bdnews24