সিরাজগঞ্জ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে শনিবার এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- তামাই কৈলাপাড়া গ্রামের গফুর সরকারের ছেলে আদম আলী (২৪), উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোন্নাফ (২৫) ও হাসেন আলী ওরফে ফরিদের ছেলে সালাউদ্দিন (২৩)।
বেলকুচি থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তামাই গ্রামের সৌদি প্রবাসী ইসমাইল সরকারের ছেলে মেহেরব (৬) শনিবার সকালে অপহৃত হয়। পরিবারের লোকজন শিশুটিকে খুঁজে না পেয়ে প্রচার চালায়।
রোববার সকালে এলাকাবাসী শিশুটির লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা জয়নব বেগম অপহরণের মামলা করেন।
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই তামাই কৈলাপাড়া গ্রাম থেকে আদমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উল্লাপাড়া থেকে মোন্নাফ ও সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/ ১৭৪৪ ঘ.
bdnews24