২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভাবতেই পারিনি দেশে ফিরতে পারবো'

"একবারের জন্য ভাবতে পারিনি লিবিয়া থেকে দেশে ফিরতে পারবো। অনেক কষ্ট করেছি। না খেয়ে, গুহায় আতঙ্কের মধ্যে দিন কেটেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "একবারের জন্য ভাবতে পারিনি লিবিয়া থেকে দেশে ফিরতে পারবো। অনেক কষ্ট করেছি। না খেয়ে, গুহায় আতঙ্কের মধ্যে দিন কেটেছে।" কথাগুলো বলছিলেন- লিবিয়াফেরত লিটন (৪০)। রোববার সকালেই ফিরেছেন দেশে। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চলছে তার চিকিৎসা। গত তিন সপ্তাহ ধরে প্রবল সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে আটকা পড়েন বাংলাদেশিসহ লাখো বিদেশি নাগরিক। সরকারি হিসাবে সেখানে রয়েছেন প্রায় ৮০ হাজার বাংলাদেশি। 'বিশ্বাস হচ্ছে না' দেশে ফিরলেও লিটনের বিশ্বাস হচ্ছে না তিনি ফিরেছেন। কয়েকঘণ্টার ব্যবধানে মিশর সীমান্ত থেকে ঢাকা মেডিক্যালের হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডের বারান্দায় স্থান হয়েছে তার। হাসপাতালের শয্যায় শুয়েই কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধির সঙ্গে। বললেন তার ১৮ মাসের প্রবাস জীবনের কথা। "দেশে মাছের ব্যবসা রেখে আড়াই লাখ টাকা খরচ করে বনানী নাহার ট্রাভেল অ্যাজেন্সির মাধ্যমে লিবিয়ার বেনগাজি যাই। কথা ছিলো মাসে পচিঁশ হাজার টাকা বেতন পাবো, আমাকে দেওয়া হয়েছে মাত্র দশ হাজার টাকা", বাহ্মণবাড়িয়ার ছেলে লিটনের বাড়ি জেলার নারায়ণপুরে। বাবার নাম মৃত আবদুল মালেক, মা হাজেরা খাতুন। দুই ছেলে ও এক মেয়ের জনক লিটন। তিনি যে নির্মাণ কোম্পানিতে কাজ নিয়ে গিয়েছিলেন সেই কোম্পানির নাম 'শরিকা'। "বেতন কম হলেও মোটামুটি ভালোই দিন যাচ্ছিলো। কিন্তু আন্দোলন শুরু হওয়ার পর সবকিছু ওলোট-পালোট হয়ে যায়। আমরা প্রায় ১২শ বাঙালি পড়ি মহাবিপদে। আটকা পড়ি কোম্পনিতেই। খবার নাই, পানি নাই। আমাদের মধ্যে দু'জন বের হয়ে খাবার আনতে একটি রুটির দোকানে গেলে তাদেরকে লিবিয়ানরা জবাই করে হত্যা করে", বলতে বলতেই চোখ দুটো বন্ধ করে কি যেনো ভাবলেন, কণ্ঠটাও একটু কেঁপে উঠলো লিটনের। তিনি জানালেন, ফরিদপুরের মান্নান নামে একজন বাঙালি অন্দোলনকারী ও লিবিয়ান সেনা বাহিনীর গোলাগুলির মাঝখানে পড়ে মারা যান। লিবিয়ায় বিক্ষোভ-সহিংসতা শুরুও পর খাবারের অভাবও দেখা দিয়েছে। লিবিয়ানদেরও রাস্তা থেকে রুটি ও বিভিন্ন খাবার কুড়িয়ে খেতে দেখা গেছে। লিটন বলেন, "একটি বিস্কুট আনতে গিয়ে জনতার দলাদলিতে মারা যান করিম নামে নরসিংদির এক যুবক।" সরকারি হিসাবে লিবিয়ায় বিক্ষোভ ও সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন হৃদরোগে এবং বাকি তিন জন গ্রিসের ক্রিট দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরি থেকে লাফিয়ে পড়ে। এছাড়া ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১১ জন। দুদিন কাটে গুহায় কোম্পানি থেকে এক মাস আগে বের হওয়ার পর দুই দিন গুহায়ও থাকতে হয়েছিলো লিটনসহ সঙ্গী কয়েকজন বাঙালির। "তখন মা হাজেরা আর মেয়ে নাহিদার কথা খুব মনে পড়তো। শুধু ভাবতাম এই জীবনে তাদেরকে আর দেখতে পারবো না হয়তো।" লিবিয়া থেকে কীভাবে ফিরলেন- জানতে চাইলে লিটন বলেন, "বাংলাদেশের সরকারি লোকজন আমাদেরকে খুঁেজ বের করে মিশরের সীমান্ত এলাকায় নিয়ে যায়। ওইখান থেকে আমাদেরকে আনা হয়। মিশরের সীমান্ত এলাকার ওই ক্যাম্পে ৮/৯ হাজার বাঙালি দেশে ফেরার অপেক্ষায় আছে।" পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত মোট ১৩ হাজার ৪২৯ জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন। লিটনের শরীরিক অবস্থা জানতে চাইলে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শেখর কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ওনার হাত-পা ফুলে গেছে। আসলে লিবিয়ায় কীভাবে এবং কী কী খেয়ে জীবন যাপন করেছে তা আমরা পরিষ্কার না। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।" ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ৮টার দিকে রেড ক্রিসেন্টের পোশাক পড়া সাইফুল ইসলাম সবুজ ও রোহান নামে দুজন লোক লিটনকে এই হাসপাতালে ভর্তি করে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/১৬২৯ ঘ.