২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনের সময় একটি ভোটকেন্দ্রের সামনে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 05:18 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনের সময় একটি ভোটকেন্দ্রের সামনে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। রোববার একটি কেন্দ্রে এ ঘটনা ছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়েছে। গত জানুয়ারিতে সারাদেশে একযোগে পৌরসভা নির্বাচন হলেও সীমানা নিয়ে জটিলতার কারণে আটকে যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন। র‌্যাব জানায়, দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রের ফটকে অন্তত ৩০টি হাতবোমা এবং পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। ওই সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। পরে র‌্যাব-পুলিশ দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে বেশ কিছু ককটেল বিস্ফোরণের পর কলেজের পাশে মৌড়াইল কবরস্থান থেকে ১০টি রামদা, একটি পেট্রোল বোমা এবং পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। রিটার্নিং কর্মকর্তা শশাঙ্ক শেখর ভৌমিক জানান, ওই কেন্দ্রে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিলো। তবে পরে আবার ভোটগ্রহণ চলে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোট ভোটার সংখ্যা প্রায় ৯২ হাজার। নির্বাচনে ১০ জন মেয়র, ৬৪ জন কাউন্সিলর এবং ১৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৪০ ঘ.